ঢাকা
১৫ আগস্ট ২০২৬
শিরোনাম

জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলার দাবি

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬   ২২ বার পঠিত
জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলার দাবি

ছবি: -সংগৃহীত

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে পাল্টা সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে একাধিক সামরিক বিমান ধ্বংস এবং আরও কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তবে এ দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে, সাম্প্রতিক মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে জর্ডানে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী বিমানগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে কয়েকটি বিমান সম্পূর্ণ ধ্বংস এবং আরও কয়েকটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

বিবৃতিতে আইআরজিসি জর্ডানের জনগণকে তাদের দেশে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বানও জানিয়েছে।

তবে আইআরজিসির এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বা জর্ডান সরকার। ফলে বিমানঘাঁটির ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে জর্ডানের কর্তৃপক্ষ জানিয়েছিল, তাদের আকাশসীমার দিকে ছোড়া তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ওই ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায়। এতে বন্দর-ই-খামির এলাকার তিনটি সেতু, বন্দর আব্বাসের একটি রেলস্টেশন, একটি বিদ্যুৎকেন্দ্র এবং হরমুজগান প্রদেশের বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদমাধ্যমগুলোও একাধিক সেতু, সড়ক, রেলপথ এবং একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর প্রকাশ করেছে।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার ফলে অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তবে জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে বিমান ধ্বংসের বিষয়ে ইরানের দাবি এখনো যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031