https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালের আগে সতীর্থ, কোচিং স্টাফ ও দলের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে পুরো আর্জেন্টিনা দলকে নিয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন মেসি। ছবিতে প্রধান কোচ লিওনেল স্কালোনি, খেলোয়াড়, কোচিং স্টাফ, চিকিৎসক, কিটম্যান, রাঁধুনি এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়াসহ দলের সঙ্গে যুক্ত সবাই ছিলেন।
রোববার বাংলাদেশ সময় রাত ১টায় নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এটি মেসির ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল।
ছবির ক্যাপশনে মেসি লেখেন, এতগুলো বছরে সবচেয়ে মূল্যবান বিষয় শুধু শিরোপা নয়, পুরো যাত্রাটাই। এই দলের সঙ্গে প্রতিদিন কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময় থেকে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাই সবচেয়ে বড় প্রাপ্তি।
তিনি আরও লেখেন, আমার প্রতিটি সতীর্থ, কোচিং স্টাফ এবং প্রতিদিন যারা এই দলটিকে একটি পরিবারের মতো ধরে রাখতে কাজ করেন, তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল যা-ই ঘটুক না কেন, এই দল এমন একটি ইতিহাস লিখে ফেলেছে, যা আমরা কখনো ভুলব না এবং কেউ কখনো মুছে ফেলতে পারবে না। আর্জেন্টিনা, এগিয়ে চলো।