https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
কয়েক সপ্তাহ ধরে বিয়ে নিয়ে চলা জল্পনার অবসান ঘটিয়ে নতুন জীবনের সুখবর দিলেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইনগেট। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তিনি জানান, দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলকে বিয়ে করেছেন।
প্রকাশিত ভিডিওর শুরুতেই হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকা জেনিফার ও উইলিয়ামের দৃশ্যের সঙ্গে দেখা যায় ‘জাস্ট ম্যারেড’ লেখা। এরপর ভিডিওজুড়ে উঠে আসে তাদের বিয়ের নানা আবেগঘন মুহূর্ত।
ভিডিও ও ছবিগুলো থেকে ধারণা করা হচ্ছে, খ্রিস্টান ধর্মীয় রীতিতে একটি গির্জায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। চার্চে তোলা ছবি, বিয়ের উদ্যাপন এবং একে অপরকে শুভেচ্ছা জানানোর বিভিন্ন মুহূর্তও স্থান পেয়েছে ভিডিওতে।
ভিডিওর ক্যাপশনে জেনিফার লিখেছেন, আনুষ্ঠানিকভাবে আমার মানুষটির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি—আমার স্বামী।
এই ঘোষণার পরই শুভেচ্ছায় ভরে যায় তার সামাজিক যোগাযোগমাধ্যম। ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের কামনা জানিয়েছেন।
এর আগে প্রায় এক মাস ধরে জেনিফারের বিয়ে নিয়ে নানা গুঞ্জন চলছিল। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, গত ১৬ জুলাই লন্ডনে একান্ত ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি। তবে সে সময় জেনিফার বা উইলিয়াম কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।
গুঞ্জনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় জেনিফারের বিয়ের গাউন তৈরির নেপথ্যের একটি ভিডিও। সেখানে গাউনের সূক্ষ্ম নকশা, কারুকাজ, চূড়ান্ত ফিটিং এবং বিয়ের সাজ নিয়ে ডিজাইনারদের সঙ্গে আলোচনার বিভিন্ন মুহূর্ত দেখা যায়। মাথায় বিয়ের ওড়না পরে নিজের ব্রাইডাল লুকও যাচাই করতে দেখা যায় অভিনেত্রীকে।
এ ছাড়া জেনিফারের একটি ভক্ত-পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যম পেজে গাউনের প্রাথমিক নকশা থেকে শুরু করে শেষ ফিটিং পর্যন্ত একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানেও নবদম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন অসংখ্য ভক্ত।
দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে একসঙ্গে নতুন জীবন শুরু করলেন জেনিফার উইনগেট ও উইলিয়াম ইসমাইল। তাদের এই ঘোষণায় আনন্দিত ভক্ত-অনুরাগীরাও।