https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক পর্যায়ে নিয়ে যেতে ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ’ বা সমন্বিত অংশীদারত্বে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেছে দুই দেশ। একই সঙ্গে বাংলাদেশের বন্দর, অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজির মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম ও কৌশলগত সম্পর্ককে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেয়। রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করে সম্পর্ককে ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপে’ উন্নীত করার প্রস্তাব দেন তিনি।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের সময় পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেন এবং সংলাপ ও আন্তর্জাতিক আইনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, আন্তর্জাতিক সমুদ্রপথে অবাধ নৌ-চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। সৌদি নেতৃত্বাধীন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যপথের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় দেশের অঙ্গীকারের প্রতিফলন।
সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল-খেরেইজি দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান দৃঢ় সম্পর্কের কথা উল্লেখ করে বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের বন্দর, অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সৌদি বিনিয়োগের আগ্রহের কথাও জানান।
বৈঠকে ঢাকায় তৃতীয় পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ সভা এবং বাংলাদেশ-সৌদি আরব যৌথ কমিশনের ১৫তম বৈঠক দ্রুত আয়োজনের বিষয়েও আলোচনা হয়।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি সৌদি আরবের অব্যাহত মানবিক ও রাজনৈতিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বজায় রাখতে সৌদি আরবের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
বৈঠকে নিরাপত্তা, বিনিয়োগ ও বহুপক্ষীয় সহযোগিতাসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের নির্বাচনে সৌদি আরবের সমর্থনের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ।
উভয় পক্ষ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক স্বার্থে কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। বর্তমানে দুই দিনের সরকারি সফরে ঢাকায় অবস্থান করছেন সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ওয়ালিদ এল-খেরেইজি। তাঁর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলও বাংলাদেশ সফর করছে।