গত বৃহস্পতিবার মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার দায় নির্ধারণ করে রায় দেন আইসিজে। আদালতের ১৫ বিচারকের মধ্যে ৯ জন মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায় নির্ধারণের পক্ষে এবং ৬ জন বিপক্ষে মত দেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, এই রায় মিয়ানমার ও রোহিঙ্গা সংকট সমাধানের পথ আরও জটিল করে তুলতে পারে। সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা আদালতের সিদ্ধান্ত পর্যালোচনা করছে। রায়ের প্রভাব বিশ্লেষণ করে পরবর্তী অবস্থান জানাবে ওয়াশিংটন। একই সঙ্গে আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হওয়ার বিষয়েও গুরুত্ব দিয়েছে দেশটি।
রাশিয়া অবশ্য রায় নিয়ে আলাদাভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহস্পতিবার দেওয়া এক যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক বিচারিক সংস্থাগুলোকে নিজেদের এখতিয়ার অপব্যবহার না করার আহ্বান জানিয়েছে মস্কো।
আইসিজের রায়ে ২০১৭ সালে রাখাইনে মিয়ানমারের সামরিক অভিযানে সংঘটিত হত্যাকাণ্ড, ধর্ষণ ও যৌন সহিংসতার বিষয় উঠে এসেছে। আদালত মিয়ানমারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।
২০১৭ সালে সামরিক অভিযানের মুখে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। তবে রাখাইনে চলমান সংঘাতের কারণে তাদের নিরাপদ প্রত্যাবাসন এখনো অনিশ্চিত।


মন্তব্য করুন