সপ্তাহের প্রথম কার্যদিবসেই দেশের শেয়ারবাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে। রোববার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ২০০ কোটি টাকা। প্রায় সাড়ে তিন মাস পর একদিনে এত বেশি লেনদেন হলো বাজারটিতে। একই সঙ্গে প্রধান মূল্যসূচক বেড়েছে ৫৯ পয়েন্ট।
দিনের শুরু থেকেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে। লেনদেনের শেষ পর্যন্ত এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল। ফলে ডিএসইর সবকটি মূল্যসূচক বেড়ে দিনের লেনদেন শেষ হয়।

দিন শেষে ডিএসইতে ২১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত ছিল ৫৬টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬৫ পয়েন্টে। শরিয়াহ সূচক বেড়েছে ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৪ পয়েন্ট।

এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ২২০ কোটি ১৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৭৪৬ কোটি ৬৩ লাখ টাকা। অর্থাৎ একদিনে লেনদেন বেড়েছে ৪৭৩ কোটি ৫১ লাখ টাকা। এর আগে গত ২ আগস্ট ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছিল।

লেনদেনে সবচেয়ে এগিয়ে ছিল আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির ৫৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় অবস্থানে মালেক স্পিনিং, লেনদেন ৪৮ কোটি ১১ লাখ টাকা। আর ৩৭ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। বাজারটিতে ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির দাম বেড়েছে, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

সিএসইর সার্বিক সূচক ১৫৩ পয়েন্ট বেড়েছে। তবে বাজারটিতে লেনদেন কমে দাঁড়িয়েছে ২০ কোটি ৫৭ লাখ টাকায়।

এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস দেশের দুই শেয়ারবাজারেই মূল্যসূচকের ঊর্ধ্বগতি অব্যাহত থাকল।