পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবিলম্বে মুক্তি দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। কারাগারে তার স্বাস্থ্য, চিকিৎসাসেবা এবং আটক রাখার পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে পাকিস্তান সরকারকে রাজনৈতিক উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন তিনি।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভলকার তুর্ক বলেন, ইমরান খানকে মুক্তি দেওয়া হলে সরকার ও বিরোধী দলের মধ্যে আস্থা তৈরির সুযোগ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে তার যথাযথ চিকিৎসা ও মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
৭৪ বছর বয়সী ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে আটক রয়েছেন। তার স্বাস্থ্য নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। এর আগে ইমরানের ছেলে কাসিম খান আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে ইমরানের স্বাস্থ্য ও কারাগারের পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির অভিযোগ, পরিবারের সদস্য, চিকিৎসক ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ সীমিত করা হয়েছে। দীর্ঘ সময় একাকী কারাবাসে রাখার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে তারা।
অ্যামনেস্টির দাবি, ২০২৫ সালের ডিসেম্বরের পর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে ইমরানের সাক্ষাতের সুযোগ অত্যন্ত সীমিত ছিল। এমনকি ২০২৬ সালের মার্চের পর থেকে ছেলেদের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগও পাননি তিনি।
ইমরানের স্ত্রী বুশরা বিবির চিকিৎসা নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি কারাগারে আটক ইমরানের বোন আলিমা খানের মুক্তির দাবিও জানিয়েছে তারা।
এর আগে গত ১৬ নভেম্বর পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের কাছে খোলা চিঠি লিখে জরুরি চিকিৎসা ও আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবি জানান ইমরান খান। চিঠিতে তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে তাকে প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা একাকী কারাবাসে রাখা হচ্ছে।
তবে এসব অভিযোগের বিষয়ে পাকিস্তান সরকারের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।


মন্তব্য করুন