শনিবার (২১ নভেম্বর) ভারতীয় যুব কংগ্রেসের প্রকাশ করা ভিডিওতে বিক্ষোভের চিত্র উঠে আসে। শুক্রবার হায়দরাবাদ, মুম্বাই ও গুরুগ্রামে মেটার কার্যালয় ঘিরে কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।
ভিডিওতে দেখা যায়, হায়দরাবাদে মেটার কার্যালয় থাকা একটি ভবনে ঢুকে স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় গাছের টব ভাঙচুর এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। মুম্বাইয়ে ভবনের দেয়ালে মেটাবিরোধী স্লোগান লেখার ঘটনাও দেখা গেছে।
কংগ্রেসের অভিযোগ, মেটাসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম রাজনৈতিক বিরোধী মত দমনে তাদের নেতাকর্মীদের অ্যাকাউন্ট সরিয়ে দিচ্ছে। প্রতিষ্ঠানটি অবশ্য বলছে, ভারতের স্থানীয় আইন মেনেই কিছু কনটেন্ট সীমিত করা হয়।
অন্যদিকে বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি কংগ্রেসের বিরুদ্ধে মেটার কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তুলেছেন। তিনি এ ঘটনাকে বেসরকারি প্রতিষ্ঠানের ওপর হামলা বলে সমালোচনা করেন।
ভারতীয় যুব কংগ্রেস হুঁশিয়ারি দিয়েছে, তাদের নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে না দিলে দেশের বিভিন্ন স্থানে মেটার কার্যালয়ে আরও বিক্ষোভ করা হবে। এ বিষয়ে মেটা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।


মন্তব্য করুন