https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হক গ্রেফতার হওয়ার পর মামলার অন্য আসামিদের নিয়েও প্রশ্ন তুলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। একই সঙ্গে ডনকে কোনোভাবেই জামিন না দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
সোমবার (১০ আগস্ট) যুক্তরাজ্য থেকে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নীলা চৌধুরী বলেন, ডনকে এতদিন গ্রেফতার করা হয়নি কেন এবং অন্য আসামিরা এখনো বাইরে কীভাবে রয়েছেন, তা তার বোধগম্য নয়। তিনি অভিযোগ করেন, ডন বিভিন্ন সময়ে তাকে হুমকি দিয়েছেন এবং সালমান শাহ ও তার পরিবারকে নিয়ে নানা কথা বলেছেন।
রোববার (৯ আগস্ট) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডন হককে আটক করা হয়। তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করলেও অন্য আসামিরা এখনো গ্রেফতার না হওয়ায় হতাশা জানিয়েছেন নীলা চৌধুরী। তার দাবি, ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে মামলার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
নীলা চৌধুরী আরও বলেন, ডনের সঙ্গে সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধুত্বের দাবি সঠিক নয়। একসময় ডন সালমানের আশ্রয়ে তাদের বাসায় থাকতেন। পরে তার আচরণে অসন্তুষ্ট হয়ে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।
সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। দীর্ঘদিন পর গত বছর আদালতের নির্দেশে তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।
নীলা চৌধুরী প্রধান আসামি সামিরাসহ মামলার সব আসামিকে দ্রুত গ্রেফতার করে সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটন এবং বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।