https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বলিউড অভিনেতা গোবিন্দা ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। বিভিন্ন সময়ে স্বামীর বিরুদ্ধে অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগও তুলেছেন সুনীতা। এবার সেই পুরোনো প্রসঙ্গে মুখ খুলেছেন গোবিন্দা।
সম্প্রতি এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও সহ-অভিনেত্রীদের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি। গোবিন্দা জানান, ৩৩-৩৪ বছর বয়স পর্যন্ত নিজেকে তিনি অত্যন্ত ‘শরিফ’ মানুষ মনে করতেন।
নিজের অতীতের সরলতার উদাহরণ দিতে গিয়ে মিষ্টির দোকানের প্রসঙ্গ টেনে গোবিন্দা বলেন, মিষ্টির দোকানে থেকেও কেউ যদি খালি হাতে বেরিয়ে আসে, তাহলে সেটি দুঃখের বিষয়। তার এই মন্তব্যের পরই পুরোনো সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। তবে কোনো নির্দিষ্ট পরকীয়ার ঘটনা স্বীকার করেননি অভিনেতা।
গোবিন্দার ভাষ্য, সিনেমার গান জনপ্রিয় করার ক্ষেত্রে নায়িকাদের সঙ্গে তার রসায়নেরও ভূমিকা ছিল। পর্দায় রোমান্টিক আবহ ফুটিয়ে তুলতে সহ-অভিনেত্রীদের সঙ্গে বিশেষ ধরনের সম্পর্ক তৈরি করতেন তিনি।
সাক্ষাৎকারে অভিনেত্রী রাবীনা ট্যান্ডনের প্রসঙ্গও আসে। গোবিন্দা ও রাবীনা একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। এর আগে সুনীতা দাবি করেছিলেন, গোবিন্দা অবিবাহিত হলে রাবীনা তাকে বিয়ে করতেন বলে একসময় মন্তব্য করেছিলেন। তবে গোবিন্দার দাবি, রাবীনা কথাটি মজা করেই বলেছিলেন।
১৯৮৭ সালে সুনীতা আহুজাকে বিয়ে করেন গোবিন্দা। তাদের দুই সন্তান—মেয়ে টিনা আহুজা ও ছেলে যশবর্ধন আহুজা। দীর্ঘ দাম্পত্য জীবনে নানা আলোচনা থাকলেও সাম্প্রতিক সাক্ষাৎকারে গোবিন্দা কোনো নির্দিষ্ট পরকীয়ার ঘটনা স্বীকার করেননি।