ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা যশের ক্যারিয়ার বদলে দেয় ২০১৮ সালের ‘কেজিএফ: চ্যাপ্টার ১’। সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ২৫০ কোটি রুপি আয় করে তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। তবে এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না।
মাত্র ১৬ বছর বয়সে অভিনয়ের স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়েন যশ। সঙ্গে ছিল মাত্র ৩০০ রুপি। বেঙ্গালুরুতে গিয়ে থিয়েটারে কাজের পাশাপাশি পর্দার পেছনে চা পরিবেশন করতেন তিনি। সেখান থেকে দিনে আয় করতেন মাত্র ৫০ রুপি। পরে একজন কন্নড় চলচ্চিত্র নির্মাতার সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন।
২০০৪ সালে ‘উত্তরায়ণ’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় যশের। ২০০৭ সালে ‘জাম্বাদা হুডুগি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখেন তিনি। তবে ‘কেজিএফ’ তাকে রাতারাতি প্যান-ইন্ডিয়া তারকায় পরিণত করে।
২০২২ সালে মুক্তি পাওয়া ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ বিশ্বব্যাপী ১ হাজার ২০০ কোটি রুপির বেশি আয় করে। ‘রকি ভাই’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে যশের জনপ্রিয়তা আরও বেড়ে যায়।
বর্তমানে যশ অভিনয়ের পাশাপাশি বড় বাজেটের সিনেমার প্রযোজনাতেও যুক্ত হয়েছেন। গীতু মোহনদাসের ‘টক্সিক: ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর পর তাকে দেখা যাবে ‘রামায়ণ’-এ রাবণের চরিত্রে। দুই পর্বে নির্মিত এই সিনেমার বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সিনেমাটির সহ-প্রযোজকও যশ।
‘রামায়ণ’-এ রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং হনুমানের চরিত্রে সানি দেওয়াল অভিনয় করছেন। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রবি দুবে, অরুণ গোভিল, লারা দত্ত ও রাকুল প্রীত সিং।

মন্তব্য করুন