ঢাকা
১৮ আগস্ট ২০২৬

ঢাকায় ২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
ঢাকায় ২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি

ঢাকার গণপরিবহনকে পরিবেশবান্ধব ও যাত্রীবান্ধব করতে ২০০টি বৈদ্যুতিক বাস কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ১০০টি বাস বিভিন্ন রুটে শুধু নারীদের জন্য পরিচালনার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরাসরি ক্রয় প্রক্রিয়ায় এসব বৈদ্যুতিক বাস কেনা হবে। প্রচলিত প্রকল্পের মাধ্যমে বাস কিনতে অনুমোদন, দরপত্রসহ আন্তর্জাতিক ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় দেড় বছর সময় লাগতে পারে। দ্রুত পরিবেশবান্ধব গণপরিবহন চালুর লক্ষ্যেই সরাসরি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তুলতে বৈদ্যুতিক বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকায় সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাতেও এসব বাস ভূমিকা রাখবে।

শেখ রবিউল আলম বলেন, ২০০টি বৈদ্যুতিক বাসের মধ্যে ১০০টি নারীদের জন্য বিভিন্ন রুটে পরিচালনা করা হবে। বর্তমানে কয়েকটি জেলায় নারীবান্ধব বাসসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগেও এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, নারীদের জন্য ১৪টি বাস ১৩টি রুটে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকায় ১০টি রুটে ১০টি বাস চলবে। এর মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস। চট্টগ্রামে একটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি দ্বিতল বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আরও বলেন, নারীদের নিরাপত্তা শুধু বাসে ওঠার পর নিশ্চিত করলেই হবে না; বাসের জন্য অপেক্ষা এবং বাস থেকে নামার সময়ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। হয়রানি বা অনিরাপদ পরিস্থিতির কারণে নারীরা যাতে গণপরিবহন ব্যবহারে নিরুৎসাহিত না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031