ঢাকা
১৮ আগস্ট ২০২৬

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, গডফাদারদের ধরতে সর্বাত্মক চেষ্টা

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, গডফাদারদের ধরতে সর্বাত্মক চেষ্টা

মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে জানিয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেছেন, মাদক কারবার ও চোরাচালানের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে কোস্ট গার্ড ও নৌপরিবহন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং সমুদ্রে উদ্ধার তৎপরতায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন।

মিয়ানমার সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে কোস্ট গার্ড মহাপরিচালক বলেন, মাদক বাংলাদেশের জন্য বড় সমস্যা। দেশে মাদকের চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহও বাড়ছে।

তিনি বলেন, গত দুই বছরে কোস্ট গার্ড প্রায় দেড় কোটি ইয়াবা জব্দ করতে সক্ষম হয়েছে। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত বিপুলসংখ্যক ব্যক্তিকেও আটক করা হয়েছে।

মাদক চোরাচালান বন্ধে অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031