ঢাকা
১৮ আগস্ট ২০২৬

সৎ ও দক্ষ কর্মকর্তাদের বেশি সুযোগ দিতে চাই : প্রধানমন্ত্রী

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
সৎ ও দক্ষ কর্মকর্তাদের বেশি সুযোগ দিতে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নে সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চায় সরকার। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডকে জনগণের আস্থাভাজন ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠন করতে চায় সরকার। সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজের সুযোগ দিতে হবে। এনবিআরের কার্যক্রমের সাফল্যের ওপর সরকারের উন্নয়ন পরিকল্পনার গ্রহণ ও বাস্তবায়ন অনেকাংশে নির্ভরশীল।

দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণের সময় জাতীয় রাজস্ব বোর্ডও ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিয়ম-নীতি উপেক্ষা করে ব্যক্তি বা দলীয় স্বার্থে পৃষ্ঠপোষকতা, বিরূপ আচরণ ও রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতার কারণে প্রতিষ্ঠানটির প্রতি মানুষের আস্থা নষ্ট হয়েছিল।

তারেক রহমান বলেন, জনগণ এখন এনবিআরকে একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। দক্ষ ও টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে সেই আস্থা ফিরিয়ে আনতে হবে। করদাতাদের হয়রানি ও দুর্নীতিমুক্ত, সহজ করব্যবস্থা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

একই করদাতার ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধি টেকসই নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, কর প্রদানে সক্ষম ব্যক্তিদের শনাক্ত করে যথাযথভাবে করের আওতায় আনতে হবে। এ জন্য আধুনিক ও তথ্যনির্ভর কর প্রশাসন গড়ে তোলার বিকল্প নেই।

তিনি আরও বলেন, বিশ্ব অর্থনীতির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে রাজস্ব কর্মকর্তাদের অর্থনীতি, ব্যবসা, প্রযুক্তি ও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে বহুমাত্রিক দক্ষতা অর্জন করতে হবে।

প্রধানমন্ত্রী জানান, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে জুনের শেষ পর্যন্ত রাজস্ব আহরণে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এটি প্রমাণ করে, কর্মকর্তারা সক্ষম এবং দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে আরও ভালো ফল অর্জন সম্ভব।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031