https://timenewsbangla.com

চলতি আগস্ট মাসের প্রথম ১৬ দিনে দেশে ১৭৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১২৬ কোটি ৪০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৪১ দশমিক ৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৩ থেকে ১৬ আগস্ট—এই চার দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২৮ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছেন।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৪৬৪ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ৩৭৪ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৯০ কোটি ৫০ লাখ ডলার বা ২৪ দশমিক ২ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক বলছে, অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে। বৈধ পথে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বাড়ায় এই প্রবৃদ্ধি হয়েছে।
রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি প্রবাসী আয় গ্রহণকারী পরিবারের ক্রয়ক্ষমতা বাড়ার মাধ্যমে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।