https://timenewsbangla.com

শেয়ারবাজারে মার্জিন ঋণ ব্যবস্থায় বড় পরিবর্তন এনে সংশোধিত মার্জিন বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের মাধ্যমে সংশোধিত বিধিমালাটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার রাতে সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশিত হয়।
নতুন বিধিমালা অনুযায়ী, সব শেয়ার ও সিকিউরিটিজের ক্ষেত্রে মার্জিন ঋণের অনুপাত ১:১ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ কোনো বিনিয়োগকারী তার নিজস্ব ইকুইটির সমপরিমাণ মার্জিন ঋণ নিতে পারবেন।
সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, জীবন বিমা কোম্পানি ছাড়া অন্য কোম্পানির শেয়ারের মূল্য-আয় অনুপাত ৪০-এর বেশি হলে ওই শেয়ারে মার্জিন অর্থায়ন করা যাবে না। একইভাবে কোনো কোম্পানির শেয়ারপ্রতি আয় ঋণাত্মক হলেও সেই শেয়ার মার্জিন সুবিধার বাইরে থাকবে।
জীবন বিমা কোম্পানির ক্ষেত্রে মূল্য-আয় অনুপাতের পরিবর্তে মূল্য-অঙ্কিত মূল্য অনুপাত বিবেচনা করা হবে। কোনো জীবন বিমা কোম্পানির এ অনুপাত ৩-এর বেশি হলে বা নিট সম্পদ মূল্য ঋণাত্মক হলে সংশ্লিষ্ট শেয়ারে মার্জিন অর্থায়ন করা যাবে না।
এ ছাড়া মার্জিন অর্থায়ন নেওয়ার সময় কোনো গ্রাহকের হিসাবে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সিকিউরিটিজে ন্যূনতম ৩ লাখ টাকার বিনিয়োগ না থাকলে ওই হিসাবে মার্জিন ঋণ দেওয়া যাবে না।