https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে গিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতিকে নির্ধারিত প্রটোকল অনুযায়ী অভ্যর্থনা জানানো হয়। পরে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর রাষ্ট্রপতি হিসেবে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত কর্মকর্তা ইউনুছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পড়ান। শপথের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
শপথের পরদিন শনিবার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নতুন রাষ্ট্রপতি।
গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।