জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) রাতে ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁর। সফরে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা সফরসঙ্গী হিসেবে থাকছেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এ ছাড়া ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীদের একটি দল তাঁর সঙ্গে জাপান সফরে যাচ্ছেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন। এ সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

সফরে মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় কমানো এবং ঋণের সুদের হার হ্রাসের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠক, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা এবং শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শনের কর্মসূচি রয়েছে তারেক রহমানের। পাশাপাশি বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন তিনি।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার হবে এবং বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নে নতুন সহযোগিতার সুযোগ তৈরি হবে।