https://timenewsbangla.com

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কোনো মাকে সন্তানের জন্য কিংবা কোনো স্ত্রীকে স্বামীর জন্য আর চোখের পানি ফেলতে হবে না।
রোববার (৩০ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, গুম কোনো সাধারণ অপরাধ নয়; এটি মানবতাবিরোধী অপরাধ। গুমের মাধ্যমে শুধু একজন মানুষকে কেড়ে নেওয়া হয় না, একই সঙ্গে কেড়ে নেওয়া হয় তার পরিবারের হাসি, শান্তি, স্বপ্ন এবং সামাজিক-অর্থনৈতিক অস্তিত্ব। এটি একটি জঘন্য মানবাধিকার লঙ্ঘন।
গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, দিনের পর দিন, বছরের পর বছর প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় থাকা পরিবারগুলোর বেদনা অত্যন্ত নির্মম। অনেক মা-বাবা, স্ত্রী ও সন্তান দীর্ঘ অপেক্ষার পরও তাদের স্বজনকে ফিরে পাননি।
রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিকের জীবন, ব্যক্তিস্বাধীনতা, আইনের সুরক্ষা ও মানবিক মর্যাদার নিশ্চয়তা দিয়েছে। কিন্তু গুম ও নির্যাতনের মাধ্যমে এসব মৌলিক অধিকার একসঙ্গে ভূলুণ্ঠিত করা হয়।