https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে একটি বিদেশি রিভলভার, গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগ বিভাগে ৩৩, ওয়ারী বিভাগে ৪২, মতিঝিল বিভাগে ৫৯, তেজগাঁও বিভাগে ৫৯, মিরপুর বিভাগে ১৩৬, গুলশান বিভাগে ৩৬, উত্তরা বিভাগে ৩৬ এবং গোয়েন্দা বিভাগে সাতজন রয়েছেন।
অভিযানকালে একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া এক কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৫৮৯ পিস ইয়াবা, ৯ দশমিক ৪ গ্রাম হেরোইন, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দুটি বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়। এ সময় নগদ ১ হাজার ৫৪০ টাকা এবং একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।