https://timenewsbangla.com

পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো দেশটির সেনা, নৌ ও বিমান বাহিনীকে একজন কর্মকর্তার অধীনে আনা হয়েছে। এ জন্য ‘ডিফেন্স ফোর্সেস অব পাকিস্তান অ্যাক্ট, ২০২৬’ নামে নতুন আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট।
নতুন আইনের মাধ্যমে ‘চিফ অব ডিফেন্স ফোর্সেস’ (সিডিএফ) নামে একটি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। এই পদে প্রথমবারের মতো দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি একই সঙ্গে সেনাপ্রধান ও সিডিএফ হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে তিন বাহিনীর সমন্বয়ের দায়িত্বে ছিল ‘চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি’ পদ। ১৯৭৬ সালে চালু হওয়া এই পদে তিন বাহিনীর ওপর সরাসরি কমান্ড দেওয়ার ক্ষমতা ছিল না।
তবে নতুন সিডিএফ পদটি আগের ব্যবস্থার চেয়ে অনেক বেশি ক্ষমতাশালী। আইনের মাধ্যমে সিডিএফকে তিন বাহিনীর ওপর সরাসরি অপারেশনাল কমান্ড দেওয়া হয়েছে। তিনি ফেডারেল সরকারের কাছে জবাবদিহি করবেন এবং সামরিক সিদ্ধান্ত বাস্তবায়নের সরাসরি ক্ষমতা রাখবেন।
সামরিক কর্মকর্তাদের মতে, নতুন ব্যবস্থায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাঠপর্যায়ের সামরিক ইউনিট পর্যন্ত একটি স্পষ্ট ও লিখিত কমান্ড কাঠামো তৈরি হয়েছে।
অর্থাৎ, পাকিস্তানের সামরিক কাঠামোয় এটি বড় ধরনের পরিবর্তন—যেখানে প্রথমবারের মতো একজন কর্মকর্তা একই সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর সর্বোচ্চ অপারেশনাল কমান্ড পরিচালনা করবেন।