https://timenewsbangla.com

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সেই সুড়ঙ্গে আর কোনো শ্রমিক জীবিত নেই বলে নিশ্চিত করেছেন উদ্ধারকারীরা। শুক্রবার সুড়ঙ্গের শেষ প্রান্ত পর্যন্ত তল্লাশি চালানোর পর তারা জানান, পুরো এলাকা কাদা, মাটি ও পাথরে চাপা পড়ে গেছে। ফলে সেখানে আর কাউকে জীবিত বা মৃত উদ্ধারের সম্ভাবনাও নেই। এ কারণে ওই সুড়ঙ্গের উদ্ধার অভিযান শেষ করে দেওয়া হয়েছে।
নেপাল পুলিশের বিশেষায়িত বাহিনী এপিএফের সাত সদস্যের একটি দল শুক্রবার সুড়ঙ্গে প্রবেশ করে। তাদের সঙ্গে নেপালি সেনার সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেন।
উদ্ধারকারী দলের সদস্য অম্বর মাহাত জানান, সুড়ঙ্গের ভেতরে হামাগুড়ি দিয়ে প্রায় ১৫ থেকে ২০ মিনিট এগিয়েও তারা শুধু কাদা ও মাটির স্তূপ দেখতে পেয়েছেন। আকস্মিক বন্যার পানির প্রবল চাপে সুড়ঙ্গের ওপরের স্ল্যাবও ধসে পড়েছে।
গত ২৬ আগস্ট ভোটেকোশী ও ত্রিশূলী নদীতে আকস্মিক বন্যার পর নেপালের অন্তত ছয়টি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়। এসব প্রকল্পের ভূগর্ভস্থ সুড়ঙ্গে প্রায় ৯০০ শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে বিভিন্ন নেপালি সংবাদমাধ্যম জানিয়েছে।