https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ঢাকার সাভারে কথা কাটাকাটির জেরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক উপপরিদর্শককে (এসআই) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত পুলিশ কর্মকর্তার নাম আলতাফ হোসেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এসআই আলতাফ হোসেন আমিনবাজারের বড়দেশী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি রাজধানীতে এসবির এসআই হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বড়দেশী এলাকায় সড়কের ওপর অবস্থান করছিলেন আলতাফ হোসেন। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তি আরও ১০ থেকে ১২ জনকে সঙ্গে নিয়ে এসে আলতাফের ওপর হামলা চালান। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, একদল দুর্বৃত্ত পুলিশ সদস্য আলতাফ হোসেনকে মারধর করে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
হামলার পেছনে ঠিক কী কারণ ছিল এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।