প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে স্থগিত করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠক।রোববার (২৫ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে সভাপতিত্ব করার কথা ছিল প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের।

সরকারিভাবে বৈঠক স্থগিতের কারণ হিসেবে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হলেও পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করেই মূলত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাপানের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। সফরের আগে গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ শেষ করতে হওয়ায় বৈঠকটি স্থগিত করা হয়।

এদিনের বৈঠকে অনুমোদনের জন্য মোট ১৫টি উন্নয়ন প্রকল্প উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। এসব প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল প্রায় ৯ হাজার কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো তিতাস গ্যাসক্ষেত্রে তিতাস-৩২ ও তিতাস-৩৩ নামে দুটি মূল্যায়ন ও উন্নয়ন গ্যাসকূপ খনন। এ ছাড়া রয়েছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন এবং ‘ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’ প্রকল্প।

তালিকায় আরও রয়েছে বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়কের ক্ষতিগ্রস্ত অংশ, নর্দমা ও ফুটপাত সংস্কার প্রকল্প।

বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত ও অপারেশনাল যানবাহন কেনার দুটি প্রকল্পও অনুমোদনের জন্য প্রস্তুত ছিল। পাশাপাশি দেশের পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

বৈঠক স্থগিত হওয়ায় এসব প্রকল্পের অনুমোদন আপাতত পিছিয়ে গেছে। তবে পরবর্তী একনেক বৈঠক কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি।