https://timenewsbangla.com

চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। তবে দেশের সব ইউনিয়নে একসঙ্গে ভোট না নিয়ে ব্যয় সংকোচন নীতির আওতায় ধাপে ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, দেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের যে পরিবেশ তৈরি হয়েছে, তার অংশ হিসেবে চলতি মাসের শেষ নাগাদ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে। তবে একসঙ্গে সব ইউনিয়নে নির্বাচন করা অর্থনৈতিক ও প্রশাসনিকভাবে কঠিন। তাই সরকারের ব্যয় সংকোচন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে ভোট আয়োজন করা হবে।
এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে নেতিবাচক অবস্থান জানিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি আসন্ন উপনির্বাচনে প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থা চালু এবং স্থানীয় সরকার নির্বাচনগুলোতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনার।