https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, কয়েকজন আসামির গতিবিধি ও তৎপরতা সন্দেহজনক। তাদের কেউ নাশকতা বা নাশকতামূলক ঘটনা ঘটাতে পারে—এমন কিছু গোপন তথ্যও তাদের কাছে রয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে গুমের শিকার ৫৫টি পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। তাদের জবানবন্দি গ্রহণ করবে তদন্ত সংস্থা।
চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের পাশাপাশি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। গুমের তদন্ত শুরুর পর কিছু অভিযুক্তের তৎপরতা বেড়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, এখন পর্যন্ত ২৫১ জন গুমের শিকার হওয়ার তথ্য পাওয়া গেছে। একই ধরনের পদ্ধতিতে তাদের তুলে নেওয়ার অভিযোগ থাকায় ঘটনাগুলোকে ‘ব্যাপক ও পদ্ধতিগত অপরাধ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে।
তদন্ত দ্রুত শেষ করে চলতি বছরের মধ্যেই বিচারকাজ শুরুর লক্ষ্য রয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। একই সঙ্গে গুমের শিকার পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।