পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্তে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে ভারত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসাদ আলম সিয়ামের নিয়োগের আনুষ্ঠানিক সম্মতিপত্র বা ‘অ্যাগ্রিমো’ ভারত থেকে পাওয়া গেছে এবং এর একটি অনুলিপি ঢাকায় এসেছে।
১৯৯৫ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেওয়া পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়াম আগামী কয়েক সপ্তাহের মধ্যে নয়াদিল্লিতে বর্তমান হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। রিয়াজ হামিদুল্লাহকে জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার আগে আসাদ আলম সিয়াম এক বছরেরও কম সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ফিলিপাইনে বাংলাদেশের দূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

মন্তব্য করুন