জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের সমাধান না হলে দেশটিকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তি হবে, নাকি আবার সামরিক পদক্ষেপ নেওয়া হবে—এ বিষয়ে তাকে বড় সিদ্ধান্ত নিতে হবে। তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে সংঘাত দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রেখেছে।

ট্রাম্প বলেন, তিনি ‘শক্তির মাধ্যমে শান্তি’ প্রতিষ্ঠায় বিশ্বাস করেন। একই সঙ্গে ইরানের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি জানান, নভেম্বরের নির্বাচনের পরপরই এমন একটি চুক্তি হতে পারে বলে তিনি মনে করেন।

জাতিসংঘের অধিবেশনকক্ষে ইরানের প্রতিনিধিদলের একজন সদস্যকে ট্রাম্পের বক্তব্য শুনতে দেখা যায়।

এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়েও ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হবে। তাঁর দাবি, সমাধান প্রত্যাশার চেয়েও দ্রুত আসতে পারে।