জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসের পাশাপাশি এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কম দূরত্বের নৌপথে যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং বেশি দূরত্বের নৌপথে ২০ পয়সা বাড়ানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকের পর ভাড়া বৃদ্ধির ঘোষণা দেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
এর আগে একই দিন ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।
জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয়ের অংশ হিসেবে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। নতুন দামে ডিজেল ও কেরোসিনের লিটারপ্রতি দাম ১৩৫ টাকা, অকটেন ১৬০ টাকা এবং পেট্রোল ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন জ্বালানি মূল্য ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

মন্তব্য করুন