গাজায় চলমান মানবিক সংকট নিয়ে যুক্তরাজ্য নীরব থাকবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি গাজা ও পশ্চিম তীরে ইসরায়েল সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং ইসরায়েল-ফিলিস্তিন সংকটের সমাধানে দুই রাষ্ট্রভিত্তিক ব্যবস্থা বাস্তবায়নের আহ্বান জানান।
বার্নহাম বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মানুষ যেন পাশাপাশি শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে, সে লক্ষ্যেই যুক্তরাজ্য কাজ করবে। তিনি ইসরায়েলের নিরাপত্তার প্রতি ব্রিটিশ সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে ইরানসহ বিভিন্ন দিক থেকে ইসরায়েল যে হুমকির মুখে রয়েছে, সেটিও স্বীকার করেন তিনি।
তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভাষ্য, এসব হুমকি গাজা ও পশ্চিম তীরে ইসরায়েল সরকারের কর্মকাণ্ডকে বৈধতা দেয় না। গাজায় মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য চুপ করে থাকবে না।
পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বার্নহাম। বিশেষ করে জেরুজালেমের কাছে প্রস্তাবিত ই-১ বসতি প্রকল্প বাস্তবায়িত হলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা আরও সংকুচিত হতে পারে বলে সতর্ক করেন তিনি।
এর আগে পশ্চিম তীরের ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞাসহ বসতি সম্প্রসারণের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির দাবি, এসব পদক্ষেপের লক্ষ্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা ধরে রাখা।
বার্নহাম বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য শুধু বক্তব্য যথেষ্ট নয়, কার্যকর পদক্ষেপও প্রয়োজন। ইসরায়েল ও ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে যুক্তরাজ্য কাজ চালিয়ে যাবে।

মন্তব্য করুন