এশিয়ান গেমসে ক্রিকেটের প্রথম ম্যাচেই বড় চমক দেখাল নেপাল। তুলনামূলক শক্তিশালী আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করেছে তারা। নিশিনে অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তানের করা ১০২ রান ১৬ বল হাতে রেখেই টপকে যায় নেপাল।

নেপালের জয়ের অন্যতম নায়ক দুই স্পিনার কুশল ভুরতেল ও ললিত রাজবংশী। দুজনের ঘূর্ণিতে মাত্র ১০২ রানেই আটকে যায় আফগানিস্তানের ইনিংস। ললিত পাওয়ার প্লের মধ্যেই তুলে নেন তিন উইকেট। পরে লেগ স্পিনে আফগান ব্যাটারদের চাপে ফেলেন কুশল ভুরতেল। চার ওভারে মাত্র ২১ রান দিয়ে চার উইকেট শিকার করেন তিনি।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক দারবিশ রাসুলি। তবে শুরুতেই বড় ধাক্কা খায় দলটি। পঞ্চম ওভার শেষ হওয়ার আগেই মাত্র ১৬ রানে তিন উইকেট হারায় আফগানিস্তান। ললিতের দুর্দান্ত বোলিংয়ে পাওয়ার প্লেতেই ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটা নিয়ে নেয় নেপাল।

এরপর ফয়সাল খান আহমদজাই ও নজিবউল্লাহ জাদরান কিছুটা প্রতিরোধ গড়েন। দুজনই করেন ৩০ রান করে। কিন্তু মাঝের ওভারে কুশল ভুরতেলের ঘূর্ণিতে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। এই দুই ব্যাটার ছাড়া দলের আর কেউ ২০ রানের ঘর পার করতে পারেননি।

১০৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুটা ভালো হয়নি নেপালের। প্রথম ওভারেই কোনো রান না করে আউট হন কুশল ভুরটেল। সপ্তম ওভারের মধ্যে ৩১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে তারা।

সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সন্দিপ জোরা ও সাবেক অধিনায়ক রোহিত পাউডেল। জোরা ৩৪ রান করে ফিরলেও রোহিত শেষ পর্যন্ত ৩৩ রানে অপরাজিত থাকেন। গুলশান ঝাকে সঙ্গে নিয়ে তিনি ১৮তম ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

শেষ পর্যন্ত ১৬ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে নেপাল। এই জয়ে এশিয়ান গেমসে দুর্দান্ত সূচনা হলো তাদের। অন্যদিকে প্রতিযোগিতায় এটিই আফগানিস্তানের প্রথম হার।