https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রযাত্রা অব্যাহত রাখতে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশ ও ইউএনডিপির মধ্যে চলমান সহযোগিতা, টেকসই উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সুশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎকালে স্টেফান লিলার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বলেন, ইউএনডিপির দৃষ্টিতে জাতীয় সংসদ বর্তমানে প্রাণবন্ত ভূমিকা পালন করছে এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে ইউএনডিপি প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি বিশেষভাবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন।
একই সঙ্গে তিনি বাংলাদেশের টেকসই উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে উন্নয়ন সহযোগীদের অব্যাহত সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও শ্রমবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, ইউএনডিপির স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল রিলেশনস স্পেশালিস্ট কীর্তিজাই পাহাড়ি এবং হেড অব গভর্ন্যান্স আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।