বিশ্বকাপের কিছু অংশ বিক্রির বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট নথি চাওয়ার ক্ষেত্রে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ‘ভুল তথ্য’ ছড়ানোর প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ফিফা।
ফ্লোরিডার একটি আদালতে দেওয়া জবাবে ফিফা দাবি করেছে, নথিপত্র হস্তান্তরে বাধ্য করার উয়েফার এই প্রচেষ্টা আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনকে ‘প্রভাবিত’ করার কৌশল। তবে উয়েফা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
গত জুলাইয়ে বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট পরিচালনার জন্য একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা তুলে ধরেন ইনফান্তিনো। ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ বা এফএফইর আওতায় গঠিত একটি কোম্পানিতে বেসরকারি বিনিয়োগকারীদের মালিকানার অংশীদার হওয়ার সুযোগ রাখার প্রস্তাব ছিল।
তীব্র সমালোচনার মুখে প্রস্তাবটি দ্রুত বাতিল করা হয়। আদালতে দেওয়া নথিতে ফিফা অভিযোগ করেছে, ইনফান্তিনো ও ফিফা সম্পর্কে উয়েফা ‘অসংখ্য মিথ্যা বা বিভ্রান্তিকর বক্তব্য’ দিয়েছে। এর মধ্যে ইনফান্তিনো এফএফই পরিকল্পনার মাধ্যমে ব্যক্তিগতভাবে লাভবান হতে চেয়েছিলেন—এমন অভিযোগও রয়েছে।



মন্তব্য করুন