যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার বলেছেন যে, হরমুজ প্রণালীর ওপর ইরান “সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে”। তিনি আরও বলেন, তেহরানের অর্থনীতি এখন “দ্রুত ও পুরোপুরি ধসে পড়ার” মুখে রয়েছে।

এথেন্স সফরের সময় সাংবাদিকদের রুবিও বলেন, “হরমুজ প্রণালী এখন উন্মুক্ত। এই সংঘাত শুরুর আগে যতটা তেল এখান দিয়ে প্রবাহিত হতো, এখনও প্রায় ততটাই তেল প্রবাহিত হচ্ছে। সুতরাং, প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ পুরোপুরি শেষ হয়ে গেছে।”

তিনি যুক্তি দেন যে, কঠোর নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি এমন এক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে—যেখানে বিশ্বের খুব কম দেশই কখনো পৌঁছেছে।

তিনি বলেন, “কট্টরপন্থী শিয়া ধর্মীয় নেতাদের” হাতে আসা প্রতিটি ডলারই হিজবুল্লাহ ও হামাসের পেছনে ব্যয় করা হয়।

রুবিও বলেন, “ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না—বিষয়টি অত্যন্ত স্পষ্ট এবং চূড়ান্ত।”

“আর তারা এমন কোনো চুক্তিতে সম্মত হলে যা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে, তবে সেই চুক্তিতে অবশ্যই এমন নিশ্চয়তা থাকতে হবে যাতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে।”

তিনি আরও বলেন, ইরান মূলত “এমন বিশাল এক প্রথাগত সামরিক সক্ষমতা গড়ে তোলার চেষ্টা করছিল, যার ফলে তারা হয়ে উঠত ধরাছোঁয়ার বাইরের এক শক্তি।”