ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে দুই দেশের মধ্যে দ্রুত সংলাপ চায় বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে এবং আলোচনায় অংশ নিতে ভারতীয় প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের কাছ থেকে বাংলাদেশ ন্যায্য পানির হিস্যা চায়। পানি বণ্টনের ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইনের অবস্থান রয়েছে। এ বিষয়ে সহযোগিতা বাড়াতে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে কার্যকর যোগাযোগ ও নিয়মিত সংলাপ প্রয়োজন।

তিনি জানান, পানি ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনার জন্য বাংলাদেশ ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। এখন ভারতীয় পক্ষের প্রতিনিধিদের নামের অপেক্ষায় রয়েছে ঢাকা। বিশেষ করে গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, আলোচনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। ভারতীয় প্রতিনিধিদের নাম পাওয়ার পর দুই দেশের প্রতিনিধিরা সংলাপ শুরু করতে পারবেন।

ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, খুব শিগগিরই এ বিষয়ে জবাব পাওয়া যেতে পারে। এরপর আলোচনা এগিয়ে নেওয়ার মাধ্যমে পরবর্তী দফায় পানি চুক্তি নবায়নের পথ আরও সহজ হবে। হুমায়ুন কবির বলেন, দুই দেশের নেতৃত্বের মধ্যে সহযোগিতার মানসিকতা থাকলে পানি নিয়ে আলোচনার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সমাধান সম্ভব। এ ধরনের জটিল বিষয় কূটনীতি ও সংলাপের মাধ্যমেই সমাধান করতে হবে।

বাংলাদেশের জন্য আন্তঃসীমান্ত নদীর পানি দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ ইস্যু। তাই ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি দুই দেশের মধ্যে পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছে ঢাকা।