পরিবহন খাতে দীর্ঘদিনের মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটিয়ে সড়কে শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, সড়কের নৈরাজ্য বন্ধ করে সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করতে হবে। পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে শ্রমিক ফেডারেশন সক্রিয় ও সোচ্চার ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, নতুন কমিটির মাধ্যমে পরিবহন খাত ঘিরে মাফিয়াবৃত্তির অবসান ঘটাতে হবে। পাশাপাশি নতুন পরিকল্পনার মাধ্যমে পুরো খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হবে।

দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে পরিবহন খাতকে আইনসঙ্গত ও সুশৃঙ্খল করার পাশাপাশি যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপনের ওপর গুরুত্ব দেন রিজভী।

তিনি আরও বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদরা দায়িত্বশীল ভূমিকা পালন করলে দীর্ঘদিনের নৈরাজ্যের অবসান ঘটানো সম্ভব।

এ সময় জাতীয় সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের নতুন সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজুসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।