নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিল নামে এক জার্মান পর্যটকের ব্যাগ চুরির ঘটনায় অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ। ব্যাগটি উদ্ধারে বুধবার রাত থেকে অভিযান চালাচ্ছে পুলিশের একাধিক দল। পুলিশ জানায়, স্টেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, হলুদ কটি পরা এক যুবক কৌশলে ওই জার্মান নাগরিকের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। একপর্যায়ে সুযোগ বুঝে নিজের পরনের কটি খুলে তার ভেতরে পর্যটকের ব্যাগটি লুকিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল উদ্দিন জানান, খবর পাওয়ার পর থেকেই ব্যাগ উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে। ইতোমধ্যে নাটোর রেলওয়ে স্টেশনের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া ব্যাগ উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তের অবস্থান শনাক্তে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। একই সঙ্গে ব্যাগটি উদ্ধারেও অভিযান অব্যাহত রয়েছে।