রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদক, জাল রেভিনিউ ও নন-জুডিসিয়াল স্ট্যাম্প, ভেজাল ওষুধ-প্রসাধনীসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে। অভিযানে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৬৭, ওয়ারীতে ৭৫, মতিঝিলে ৫৩, তেজগাঁওয়ে ৭৩, মিরপুরে ১০২, গুলশানে ৫২, উত্তরা বিভাগে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ ৯ জন এবং সিটিটিসি একজনকে গ্রেফতার করেছে।

অভিযানে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা ও ২ দশমিক ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি চাকু, একটি বাস, নয়টি মোবাইল ফোন, ২ হাজার ৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩ হাজার ৩৫৬ পিস নন-জুডিসিয়াল স্ট্যাম্প এবং নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, অভিযানে ভেজাল ওষুধ ও প্রসাধনী তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬২৭টি সিরাপ, ৬ হাজার ক্যাপসুল, ৩০টি ফেসওয়াশ, ৩১০টি শ্যাম্পু, ৫ কেজি সাদা পাউডার, হাইজিন ওয়াসের ১৫০টি খালি মোড়ক ও বোতল এবং লেবেলবিহীন ৩০০টি সিরাপের বোতল রয়েছে।

এ ছাড়া ক্যাপসুল ভরার মেশিন ও যন্ত্রাংশ এবং লেবেল লাগানোর দুটি যন্ত্রও উদ্ধার করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।