পাকিস্তানের বন্দরনগরী করাচিতে বিক্ষোভ, সমাবেশ ও মিছিল নিয়ন্ত্রণে আগামী ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই সঙ্গে পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। জনভোগান্তি কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত রোববার (১১ অক্টোবর) করাচির কমিশনার সৈয়দ হাসান নাকভি এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। এতে বলা হয়, শহরের প্রধান সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ চত্বরে বিক্ষোভ, মিছিল এবং অবস্থান কর্মসূচির কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি জননিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সড়ক অবরোধের কারণে স্বাভাবিক জনজীবন ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে জরুরি সেবার যানবাহন চলাচল এবং হাসপাতালে যাতায়াত বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করা, নাগরিকদের জানমাল রক্ষা এবং অত্যাবশ্যকীয় সেবার স্বাভাবিক চলাচল বজায় রাখতে সাময়িক বিধিনিষেধ আরোপ করা প্রয়োজন বলে মনে করছে প্রশাসন।
নিষেধাজ্ঞা অনুযায়ী, করাচি বিভাগের আওতাধীন এলাকায় পাঁচজনের বেশি মানুষের জমায়েত, বিক্ষোভ, সমাবেশ, মিছিল, র্যালি ও অবস্থান কর্মসূচি আয়োজন, আহ্বান, এতে সহায়তা এবং অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ওপরও নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা রয়েছে ১৪৪ ধারায়।
পাকিস্তানের ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১৪৪ ধারা অনুযায়ী, জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় স্থানীয় কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের জন্য জনসমাগমসহ বিভিন্ন কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপ করতে পারে।
প্রশাসনের আশা, এই পদক্ষেপের ফলে যানজট কমবে, জরুরি সেবার চলাচল স্বাভাবিক থাকবে এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে।



মন্তব্য করুন