হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার পর সাগরের পানিতে ভাসতে দেখা গেছে আইফোন ও দামি পারফিউমের বোতল। এসব পণ্য সংগ্রহ করতে ছোট নৌকা নিয়ে সাগরে নামতে দেখা গেছে কয়েকজনকে। ডুবে যাওয়া জাহাজটিতে দুবাই থেকে পরিবহন করা প্রায় আড়াই হাজার কনটেইনার পণ্য ছিল বলে জানা গেছে।
বুধবার সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনারবাহী জাহাজ ‘জিএফএস প্রাইড’ ডুবে যাওয়ার পর এ ঘটনা ঘটে। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন ছিল। এতে আগুন ধরে যাওয়ার পর সেটি সাগরে ডুবে যায়।
ইন্ডিয়া টুডে টিভির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ডুবে যাওয়া জাহাজের আশপাশে পানিতে ভাসমান পণ্য ছোট নৌকায় সংগ্রহ করতে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি।
জাহাজটিতে থাকা পণ্যগুলোর মধ্যে দামি পারফিউম ও আইফোনও ছিল বলে জানা গেছে। দুবাই থেকে এসব পণ্য পরিবহন করা হচ্ছিল। জাহাজটি ডুবে যাওয়ার পর পণ্যগুলো সাগরে ছড়িয়ে পড়ে।
সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিতে আগুন ধরে যাওয়ার ঘটনায় ২১ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি।
তবে জাহাজটি কীভাবে ডুবেছে, তা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে ভিন্নতা রয়েছে। সামুদ্রিক কর্তৃপক্ষের ভাষ্য, অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো ধরনের প্রজেক্টাইলের আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়। অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দাবি, নৌমাইনের আঘাতে জাহাজটি ডুবে গেছে।
ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজটি ডুবে যাওয়া এবং বিপুল পরিমাণ পণ্য সাগরে ছড়িয়ে পড়ার ঘটনা নতুন করে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।


মন্তব্য করুন