দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তির পর ছবিটি ভারতে ৫৯ কোটি ৭০ লাখ রুপি নেট আয় করেছে। বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১২৫ কোটি ২৫ লাখ রুপি।
ট্রেড ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতের ১৬ হাজার ৫৯৯টি শো থেকে প্রথম দিনে এ আয় করেছে সিনেমাটি। এর গ্রস কালেকশন ৭০ কোটি ২৫ লাখ রুপি। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৫৫ কোটি রুপি।
তবে দুর্দান্ত সূচনা সত্ত্বেও রজনীকান্তের আগের সিনেমা ‘কুলি’র প্রথম দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি ‘জেলার ২’। ‘কুলি’ মুক্তির প্রথম দিনে ভারতে ৬৫ কোটি রুপি নেট আয় করেছিল, যা এখনো অভিনেতার ক্যারিয়ারের সর্বোচ্চ উদ্বোধনী আয় হিসেবে রয়েছে।
‘জেলার ২’-এর আয়ের বড় অংশ এসেছে তামিল সংস্করণ থেকে। ৯ হাজার ৩২৬টি শো থেকে এ সংস্করণের আয় ৪৩ কোটি ৩৫ লাখ রুপি। অন্যদিকে, ২ হাজার ৭৯২টি শো থেকে তেলুগু সংস্করণ আয় করেছে ১২ কোটি ৫০ লাখ রুপি।
হিন্দি সংস্করণ মুক্তির ক্ষেত্রে ওটিটি উইন্ডো নিয়ে পিভিআর-আইনক্সের সঙ্গে জটিলতা তৈরি হলেও ৪ হাজার ৩৭১টি শো থেকে এটি ৩ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। কন্নড় সংস্করণ থেকে এসেছে আরও ৩৫ লাখ রুপি।
সিনেমাটি একটি গ্যাংস্টার ড্রামা। মুক্তির পর সমালোচক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে ইতিবাচক আলোচনা দেখা যাচ্ছে। দর্শকদের বিনোদন দিতে সিনেমাটি সফল হয়েছে বলেও বিভিন্ন প্রতিক্রিয়ায় উঠে এসেছে।
প্রথম দিনের আয়ের হিসাবে ‘জেলার ২’ রজনীকান্তের আগের রেকর্ড ছাড়াতে না পারলেও বিশ্বব্যাপী ১২৫ কোটি রুপির বেশি গ্রস আয় ছবিটির বাণিজ্যিক সূচনার শক্ত অবস্থান তুলে ধরছে।


মন্তব্য করুন