কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকশা তৈরি ও ওয়েবসাইট নির্মাণের কাজ আরও সহজ এবং নিয়ন্ত্রণযোগ্য করতে নতুন ফিচার এনেছে ডিজাইন প্ল্যাটফর্ম ফিগমা। নতুন সুবিধাগুলোর মধ্যে রয়েছে নকশার নির্দেশনা সংরক্ষণের জন্য মার্কডাউনভিত্তিক এডিটর, কোড যুক্ত করে ইন্টারঅ্যাকটিভ প্রোটোটাইপ তৈরির সুযোগ এবং ওয়েবসাইটের কনটেন্ট ব্যবস্থাপনার নতুন ব্যবস্থা।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় শুরু হওয়া কনফিগ সম্মেলনের ভারতীয় সংস্করণে এসব সুবিধার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ গত বুধবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

ফিগমার নতুন ফিচারটির নাম ‘ফিগমা স্পেকস’। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্র্যান্ডের নকশার ধরন, নির্দেশনা ও নিয়ম সহজ ভাষায় লিখে রাখতে পারবে। এসব নির্দেশনা ডিজাইনারদের পাশাপাশি এআই এজেন্টের জন্যও কার্যকর গাইডলাইন হিসেবে কাজ করবে। ফলে এআই দিয়ে নকশা তৈরির সময় ব্র্যান্ডের নির্ধারিত নীতিমালা অনুসরণ করা সহজ হবে।

ফিগমা স্পেকস আলাদা ফাইল হিসেবে সংরক্ষণ করা যাবে। পাশাপাশি ডিজাইনের ক্যানভাসেও এটি ব্যবহার করা যাবে। এতে ক্যানভাসের বিভিন্ন উপাদান, কোডের অংশ এবং ফিগজ্যাম ডায়াগ্রাম যুক্ত করার সুযোগ রয়েছে। ডিজাইন লাইব্রেরি, কোড লাইব্রেরি ও নকশাসংক্রান্ত নির্দেশনাও একই জায়গায় রাখা যাবে।

এ ছাড়া ফিগমা ক্যানভাসে কোড যুক্ত করার সুবিধা পাবলিক বেটা সংস্করণে উন্মুক্ত করছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে নকশার ওপর সরাসরি কোড যুক্ত করে আরও ইন্টারঅ্যাকটিভ প্রোটোটাইপ তৈরি করা যাবে। ব্যবহারকারীরা এআই এজেন্টকে নকশা থেকে কোড তৈরি করতে কিংবা কোডের নির্দিষ্ট অংশ পরিবর্তনের নির্দেশও দিতে পারবেন।

ফিগমার প্রধান ডিজাইন কর্মকর্তা লোরেদানা ক্রিসান বলেন, সফটওয়্যার দলগুলো কী তৈরি করবে এবং কোন পণ্য বাজারে ছাড়বে, সেই সিদ্ধান্ত নেওয়ার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ফিগমাকে গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি। তাঁর মতে, এআইয়ের কারণে কোড তৈরির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়লেও বাজারে নতুন পণ্য ও ফিচার প্রকাশের হার একই অনুপাতে বাড়েনি।

ফিগমার মডেল কনটেক্সট প্রটোকল (এমসিপি) সমর্থনে ২০টির বেশি নতুন টুলও যুক্ত হচ্ছে। এসব টুলের মধ্যে রয়েছে ওপেন কোড, ডায়া, গ্রোক বট এবং ভারতের এআই স্টার্টআপ সারভামের টুল।

পাশাপাশি গত বছর অধিগ্রহণ করা ওপেন সোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম পে-লোডকে ফিগমা মেকের সঙ্গে যুক্ত করছে প্রতিষ্ঠানটি। এর ফলে এআই দিয়ে তৈরি ডায়নামিক ওয়েবসাইটের কনটেন্ট সরাসরি ব্যবস্থাপনা করা যাবে।

ফিগমার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাইরে ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে ভারত তাদের সবচেয়ে বড় বাজার। দেশটির বোম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শীর্ষ ১০০ কোম্পানির ৪০ শতাংশ ফিগমা ব্যবহার করে। নতুন সুবিধাগুলোর মাধ্যমে নকশা, কোড তৈরি ও ওয়েবসাইট ব্যবস্থাপনাকে একই কর্মপ্রবাহে যুক্ত করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।