শীতের কাশ্মীর মানেই বরফে ঢাকা পাহাড়, সাদা চাদরে মোড়ানো গাছপালা আর চোখজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য। এবার সেই সৌন্দর্যের সঙ্গে নতুন আকর্ষণ হয়ে উঠেছে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেনযাত্রা। তুষারাবৃত উপত্যকার বুক চিরে ছুটে চলা কমলা রঙের ট্রেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। অনেকে কাশ্মীরের এই মনোরম দৃশ্যকে আখ্যা দিয়েছেন ‘মিনি সুইজারল্যান্ড’।

সম্প্রতি বানিহাল অঞ্চলে ধারণ করা ভিডিওতে দেখা যায়, চারদিকে বরফে ঢাকা পাহাড়, গাছপালা ও রেললাইনের মাঝ দিয়ে এগিয়ে যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। সাদা বরফের পটভূমিতে ট্রেনটির কমলা রং আলাদা করে নজর কাড়ছে। তুষারাবৃত রেলস্টেশন ও চারপাশের প্রাকৃতিক দৃশ্য মিলিয়ে তৈরি হয়েছে ছবির পোস্টকার্ডের মতো মনোমুগ্ধকর পরিবেশ।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন ব্যবহারকারীরা। একজন লিখেছেন, ‘আমি দরজার পাশে বসব। দৃশ্যটা অসাধারণ লাগছে।’ আরেকজনের মতে, জানুয়ারি মাসে এই অঞ্চলের সৌন্দর্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে। অনেকেই এমন ট্রেনযাত্রাকে স্বপ্নের ভ্রমণ হিসেবে দেখছেন।

বরফে ঢাকা পাহাড় ও উপত্যকার সৌন্দর্য উপভোগ করতে শীতকাল কাশ্মীর ভ্রমণের অন্যতম আকর্ষণীয় সময়। বিশেষ করে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অনুকূল আবহাওয়ায় তুষারপাত হলে প্রকৃতি হয়ে ওঠে আরও মনোরম। তবে প্রতিবছর তুষারপাতের সময় ও পরিমাণে পার্থক্য থাকে। তাই ভ্রমণের আগে আবহাওয়ার পূর্বাভাস জেনে নেওয়া ভালো।

বন্দে ভারত এক্সপ্রেসে কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে আগ্রহীরা ভারতীয় রেলের সরকারি বুকিং প্ল্যাটফর্ম আইআরসিটিসিতে ট্রেনের সময়সূচি, আসন ও টিকিটের প্রাপ্যতা যাচাই করতে পারেন। যাত্রার তারিখ ও গন্তব্য অনুযায়ী টিকিট বুকিংয়ের সুযোগ পাওয়া যায়।

বরফে ঢাকা পাহাড়, সাদা উপত্যকা আর জানালার বাইরে ছুটে চলা প্রকৃতির দৃশ্য—সব মিলিয়ে কাশ্মীরের এই ট্রেনযাত্রা ভ্রমণপিপাসুদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠেছে।