ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ৭৫ জনের মরদেহ। দীর্ঘদিন ধরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা এসব মানুষকে রোববার (১৮ অক্টোবর) শেষ বিদায় জানানো হচ্ছে। উদ্ধার করা মরদেহগুলোর একসঙ্গে জানাজা শেষে তাদের দাফন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সিটির দারাজ এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি হামলায় ভবন ধসে পড়ার পর তারা দীর্ঘদিন ধরে ধ্বংসস্তূপের নিচে চাপা ছিলেন।
আলজাজিরাকে গাজার সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, উপত্যকাটিতে এখনো ভবনের ধ্বংসস্তূপের নিচে প্রায় আট হাজার ফিলিস্তিনির মরদেহ পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজে সীমিত সক্ষমতা ও ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে এসব মরদেহ শনাক্ত ও উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ সময়ে ৭৪ হাজার ৪৬৯ জন নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ৪৯২ জন আহত হয়েছেন। তবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা অনেক মানুষের হিসাব এখনো তালিকায় অন্তর্ভুক্ত হয়নি বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসরায়েলি হামলায় গাজার বিপুলসংখ্যক আবাসিক ভবন ও অবকাঠামো ধ্বংস হয়েছে। ফলে বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে কিংবা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। খাদ্য, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের সংকটও অব্যাহত রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় প্রাণহানি বন্ধ হয়নি। নতুন করে মরদেহ উদ্ধারের এই ঘটনা উপত্যকাটিতে দীর্ঘস্থায়ী সংঘাতের ভয়াবহ মানবিক পরিণতিকে আবারও সামনে এনেছে।

মন্তব্য করুন