সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে পুলিশের টহলে আইএসের সম্ভাব্য হামলার পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনায় গোষ্ঠীটির সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে দুজনকে গ্রেপ্তার এবং একটি বিস্ফোরক ডিভাইস জব্দ করা হয়েছে। একই দিনে পূর্ব সিরিয়ায় মাইন অপসারণ অভিযানে এক সেনা নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, জেনারেল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের নামের আদ্যক্ষর এম কে ও এ এইচ। ষড়যন্ত্রের সঙ্গে অন্য কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে। এর আগে ১০ অক্টোবর হোমসের আল-হুলা এলাকায় আইএসের সঙ্গে সংশ্লিষ্ট একটি গোপন সেলের সম্ভাব্য হামলার পরিকল্পনাও নস্যাৎ করার দাবি করেছিল কর্তৃপক্ষ।
এদিকে পূর্ব হোমসের তানফ এলাকায় সাবেক সরকারের ফেলে যাওয়া মাইন ও অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণের সময় সেনাবাহিনীর মিলিটারি ইঞ্জিনিয়ারিং অধিদপ্তরের এক সদস্য নিহত এবং আরেকজন গুরুতর আহত হন। সানার তথ্য অনুযায়ী, গত ২৮ জুলাই উত্তর লাতাকিয়ার কাবিনা গ্রামের কাছেও মাইন বিস্ফোরণে এক সেনা নিহত ও আরেকজন আহত হয়েছিলেন।
২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার নতুন কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনী পুনর্গঠন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে। তবে আইএসের গোপন নেটওয়ার্ক, মাইন ও অবিস্ফোরিত গোলাবারুদ এবং দীর্ঘ যুদ্ধের ক্ষয়ক্ষতি দেশটির স্থিতিশীলতা ফেরানোর পথে বড় বাধা হয়ে রয়েছে।
সন্ত্রাসবিরোধী অভিযান ও পুনর্গঠনের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতাও চাইছে দামেস্ক। সাবেক সরকারের রাসায়নিক অস্ত্র কর্মসূচির উত্তরাধিকারসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক ঘটনাগুলো বলছে, আসাদ সরকারের পতন ঘটলেও সিরিয়ায় নিরাপত্তাঝুঁকি এখনো কাটেনি।

মন্তব্য করুন