https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, সীমান্তে ভারতের পুশইনের চেষ্টা বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিহত করছে। একই সঙ্গে এ ধরনের কার্যক্রম বন্ধ করতে ভারত সরকারকে ১২ থেকে ১৩টি চিঠি পাঠানো হয়েছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের ফেরত পাঠানোর একটি স্বীকৃত প্রক্রিয়া রয়েছে এবং ভারতকে সেই নিয়ম মেনেই কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সীমান্তে পুশইনের ঘটনা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সাম্প্রতিক সময়ে নারী, শিশু ও অন্যান্য ব্যক্তিকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর অভিযোগের পর বাংলাদেশের ২৬টি সীমান্ত জেলায় অতিরিক্ত সীমান্তরক্ষী সদস্য মোতায়েন করা হয়েছে। তারা সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন এবং স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন।
এদিকে ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে অবৈধ পুশইন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনায় আসবে।