শনিবার (৩১ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ আগের দিনের ৬ উইকেটে ৭৯ রান নিয়ে। দিনের শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে দল।
তবে একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন অফ স্পিনার নাঈম হাসান। ৯১ বলে ৫২ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি। তার ইনিংসে ভর করেই দেড়শর কাছাকাছি পৌঁছায় বাংলাদেশের সংগ্রহ।
এদিন শুরুতে জাকের আলী ২২ রান করে জোমেল ওয়ারিকানের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর হাসান মাহমুদ ৮ এবং তাইজুল ইসলাম ৮ রান করে সাজঘরে ফেরেন। অন্যদিকে নাঈম ছোট ছোট জুটি গড়ে দলের সংগ্রহ বাড়ানোর চেষ্টা চালিয়ে যান। ইনিংসের মধ্যে দুবার ক্যাচ দিয়ে জীবনও পান তিনি।
বৃষ্টির কারণে কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর আবার মাঠে নামে দুই দল। তবে বেশিক্ষণ টিকতে পারেনি বাংলাদেশের ইনিংস। রোস্টন চেজের বলে ক্যাচ দিয়ে নাঈমের বিদায়ের মধ্য দিয়ে শেষ হয় স্বাগতিকদের লড়াই।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন অধিনায়ক রোস্টন চেজ। ৩৬ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। জোমেল ওয়ারিকান পেয়েছেন চার উইকেট। বাকি উইকেটটি শিকার করেছেন শামার জোসেফ।
এখন ১৭০ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জয়ের অপেক্ষায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বোলারদের সামনে তাই কঠিন পরীক্ষা।

মন্তব্য করুন