মিরপুর টেস্টে তৃতীয় দিনের খেলা। ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ক্যারিবীয় স্পিনারদের সামনে একের পর এক উইকেট হারিয়ে বড় লিড পাওয়ার আশাও কঠিন হয়ে উঠেছিল। তবে জাকের আলি ও নাঈমের লড়াইয়ে আবারও আশার আলো দেখছে স্বাগতিকরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৭৯ রান। সব মিলিয়ে লিড দাঁড়িয়েছে ১০৬ রানে। এরপর আলোকস্বল্পতার কারণে বন্ধ হয়ে যায় দিনের খেলা।
দ্বিতীয় ইনিংসে শুরুতেই শূন্য রানে ফেরেন তানজিদ হাসান তামিম। এরপর শান্ত ও সাদমানের জুটিতে কিছুটা স্বস্তি ফিরলেও দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। আগের ইনিংসে সেঞ্চুরি করা সাদমান করেন ১৩ রান। তাওহীদ হৃদয় ফেরেন শূন্য রানে। শান্তও বেশিক্ষণ টিকতে পারেননি।
এর আগে দিনের শুরুতে ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তেজনারায়ণ চন্দরপল করেন ৫৬ রান, আর জাস্টিন গ্রিভসের ব্যাট থেকে আসে ৪৬। তবে বাংলাদেশের স্পিনারদের দাপটে শেষ পর্যন্ত ১৮৪ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয় ইনিংস।
নাঈম হাসান নেন ৪ উইকেট। মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম পান ২টি করে উইকেট।
এখন প্রশ্ন, জাকের-নাঈম কি বাংলাদেশকে লড়াই করার মতো অবস্থানে নিয়ে যেতে পারবেন? চতুর্থ দিনে কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে স্বাগতিকরা?

মন্তব্য করুন