ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম

বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক আরও জোরদারে ঐকমত্য, খলিলুর-লাভরভ বৈঠক মস্কোয়

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৮ জুন ২০২৬   ৪৯ বার পঠিত
বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক আরও জোরদারে ঐকমত্য, খলিলুর-লাভরভ বৈঠক মস্কোয়

ছবি: -সংগৃহীত

মস্কোতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ ও শিক্ষা খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে দুই দেশ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি ড. খলিলুর রহমানের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর।

বৈঠকে সের্গেই লাভরভ ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, জাতিসংঘকে আরও কার্যকর ও শক্তিশালী করতে তাঁর উদ্যোগে রাশিয়া পূর্ণ সমর্থন দেবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ-রাশিয়া কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তি বাণিজ্য, সংস্কৃতি, প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতার নতুন উদ্যোগের মাধ্যমে উদযাপিত হবে।

বাংলাদেশের পক্ষ থেকে ড. খলিলুর রহমান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন এবং পররাষ্ট্রমন্ত্রী লাভরভের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সমর্থনের কথা স্মরণ করেন এবং স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দর মাইনমুক্ত করতে সোভিয়েত নৌবাহিনীর অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ড. খলিলুর রহমান বলেন, বাণিজ্য, শিক্ষা, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে দুই দেশের সহযোগিতা ধারাবাহিকভাবে বিস্তৃত হচ্ছে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে বাংলাদেশ-রাশিয়া অংশীদারত্বের অন্যতম বড় প্রতীক হিসেবে উল্লেখ করেন এবং প্রকল্পটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার আশা ব্যক্ত করেন।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুই মন্ত্রী জানান, জাতিসংঘসহ বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। পাশাপাশি জ্বালানি, শিক্ষা ও কারিগরি খাতেও দুই দেশের সহযোগিতা ক্রমাগত বাড়ছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031