মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
এবারের সোলার এক্সপোর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’। প্রতিপাদ্যের মাধ্যমে দেশের বিভিন্ন ভবনের অব্যবহৃত ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানোর গুরুত্ব তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ।
এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।
সংশ্লিষ্টদের মতে, দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে আবাসিক ভবন, শিল্পকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনার ছাদে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে।
এতে একদিকে যেমন বিদ্যুতের বিকল্প উৎস তৈরি হতে পারে, অন্যদিকে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানোর সুযোগও তৈরি হবে। পাশাপাশি সৌরবিদ্যুৎ খাতে নতুন বিনিয়োগ, প্রযুক্তির সম্প্রসারণ এবং কর্মসংস্থানের সম্ভাবনাও রয়েছে।
বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এ নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা এবং সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

মন্তব্য করুন